পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসময় তিনি দেশে ও প্রবাসে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দেশ, জাতি ও বিশ্ববাসীর সমৃদ্ধি কামনা করেছেন।
শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টার থেকে সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু হয়। এসময় তিনি নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে নানান উপদেশ দেন। দেশের উন্নয়নে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।
শুক্রবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, যে কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনাময় করতে পারবেন, কোনও পাস লাগবে না। গণভবনে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি করে প্রবেশের সুযোগ দেবেন।
করোনা মহামারির কারণে গত তিন বছর ঈদের দিন প্রধানমন্ত্রীর কোনও আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। তবে এ বছর চিরাচরিত রীতি মেনে ঈদের দিন মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতা, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
আরও পড়ুন- রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা
বেলা ১১টা থেকে বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
সর্বশেষ ২০১৯ সালে ঈদুল আজহার দিন গণভবনে সরাসরি সর্বস্তরের জনগণ ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এদিকে, শুক্রবার (২১ এপ্রিল) এক বাণীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।




