যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা থাকার পরও লক্ষ্মীপুর শহরে ঝাড়ুর বাঁশের সঙ্গে জাতীয় পতাকা ঝুলিয়ে রাখে একতা মটর্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। শহরের মহিলা কলেজ বহির্মুখে পতাকার এমন অবমাননা দেখে স্থানীয়রা সাংবাদিকদের বিষয়টি জানান। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেনকে বিষয়টি অবহিত করে সাংবাদিকরা।
আজ শুক্রবার মহান বিজয় দিবসে সকাল থেকে বিকেল পর্যন্ত এ পতাকা ঝুলতে দেখে স্থানীয় অন্যান্য ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।
পরে বিষয়টি জানাজানি হলে লোকজন জড়ো হয়ে হৈ চৈ শুরু করলে পতাকার বাঁশের নিচ থেকে ঝাড়ুর অংশটি এক কর্মচারি খুলে নিয়ে যান।
সরেজমিনে দেখা যায়, ঝুল ঝাড়ুর দণ্ডের সঙ্গে সকাল থেকে বাঁকা করে ছোট একটি জাতীয় পতাকা উড়ানো হয়েছে। সকাল থেকে বিকেলে পর্যন্ত একইভাবে পতাকা উড়লেও এ বিষয়ে কারো কোনো মাথাব্যথা নেই। ছুটির দিন থাকায় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী পাটোয়ারীসহ একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে জাতীয় পতাকার অবমাননাকারীদের শাস্তি দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন বলেন, ‘এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


