হাসপাতালের সাদা বিছানায় শুয়ে আছেন বাবা। মুখে অক্সিজেন মাস্ক, নাকে-মুখে নল। পাশে দাঁড়িয়ে বিস্ময় আর গভীর উদ্বেগ নিয়ে বাবার মুখের দিকে তাকিয়ে আছে ছোট্ট শিশুটি। সে হয়তো ভাবছে, প্রতিদিনের মতো বাবা কেন আজ তাকে কোলে তুলছেন না? কেন তার সাথে কথা বলছেন না?
কিন্তু সেই অবুঝ শিশুটি জানে না, তার প্রিয় বাবা আর কোনোদিন তাকে ডাকবেন না। লক্ষ্মীপুরের রায়পুরে তালগাছ থেকে পড়ে না ফেরার দেশে চলে গেছেন দিনমজুর রাজু আহম্মেদ (৩২)। রেখে গেছেন এক ছেলে, এক মেয়ে এবং পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে।
গত রবিবার (৩১ মে) বিকেল ৫টায় উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামের কাজির দিঘিরপাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাজু ওই গ্রামের সানা উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে রাজু শখের বশে কাজির দিঘিরপাড় মডেল কিন্ডারগার্টেনের সামনের একটি তালগাছে ওঠেন। গাছ বেয়ে ওঠার সময় হঠাত পা ফসকে তিনি মাটিতে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
সোমবার (১ জুন) দুপুরে জানাজা শেষে রাজুর মরদেহ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাজুর অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার গর্ভবতী স্ত্রী এবং দুই শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বজনরা এখন দিশেহারা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, গাছ থেকে পড়ে দুর্ঘটনায় রাজুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


