লক্ষ্মীপুরের কমলনগরে হামের লক্ষণ নিয়ে গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে ৫ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন। হাম শনাক্তের নিশ্চিত পরীক্ষার জন্য শিশুদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের অভিভাবকেরা জানান, বাড়িতে টানা কয়েক দিন ধরে শিশুদের তীব্র জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও শরীরে ব্যথার পাশাপাশি লালচে র্যাশ (ফুসকুড়ি) দেখা দেয়। অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় তারা শিশুদের হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হঠাৎ করে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। আক্রান্ত শিশুদের জন্য বিশেষ ব্যবস্থায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহাবুবুর রহমান বলেন, ‘কমলনগরে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো হামের রোগী পাওয়া যায়নি। তবে সন্দেহভাজন রোগীদের জন্য হাসপাতালে একটি পৃথক আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। গত এক সপ্তাহে ১৫ জনকে ভর্তি করা হয়েছিল, যার মধ্যে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ৫ জন চিকিৎসাধীন আছে। আমরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছি। রিপোর্ট এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
তিনি আরও জানান, বর্তমানে যারা চিকিৎসাধীন রয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল। আতঙ্কিত না হয়ে শিশুদের প্রতি যত্নশীল হওয়ার এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।




