বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য (এমপি) এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিশ্বজুড়ে চলমান এই সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে এর চরম প্রভাব পড়বে বাংলাদেশে। এমনকি আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র স্থানান্তরে বাধ্য হতে পারে।
শুক্রবার (৩ এপ্রিল) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি কর্মসূচিতে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘বিশ্বজুড়ে চলমান এই অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক বিষয় নয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।’
বক্তব্যে তিনি বর্তমান পরিস্থিতির ভয়াবহতাকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করেন। হুইপ বলেন, ‘বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে।’
দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকার এবং আগাম সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে চলার পরামর্শ দেন এই সংসদ সদস্য।
মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সজাগ থাকা প্রয়োজন।




