দুই দিনের সরকারি সফরে নিজ জেলা লক্ষ্মীপুর যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এমপি। আগামী ৩ ও ৪ এপ্রিল লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনহিতকর কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে সড়কপথে ঢাকা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী। পরদিন ৩ এপ্রিল (শুক্রবার) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। ওই দিন বিকেলেই সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের কাফিলাতলি বাজার সংলগ্ন এলাকায় ‘সি-খাল’ খনন কাজের শুভ উদ্বোধন করবেন তিনি। এর মাধ্যমে ওই অঞ্চলের দীর্ঘদিনের সেচ ও জলবদ্ধতা সমস্যার নিরসন হবে বলে আশা করা হচ্ছে।
সফরের দ্বিতীয় দিন ৪ এপ্রিল (শনিবার) মন্ত্রীর কর্মসূচিতে রয়েছে বিশেষ গুরুত্ব। সকালে লক্ষ্মীপুর পৌরসভার উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তিনি জেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করা হবে। সরকারের এই উদ্যোগ স্থানীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
সফরসূচি অনুযায়ী, ওই দিন বিকেলেই লক্ষ্মীপুর জেলা পরিষদ ও সার্কিট হাউসের বিভিন্ন কর্মসূচি শেষে রাতে পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
মন্ত্রীর এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন একান্ত সচিব (উপসচিব) মো. মাসুম রেজা, সহকারী একান্ত সচিব জামশেদ আলম রানা এবং তথ্য ও জনসংযোগ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রীর আগমন ও কর্মসূচি সফল করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
উল্লেখ্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটি তাঁর গুরুত্বপূর্ণ সফরগুলোর একটি, যা স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও জনসাধারণের কল্যাণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




