লক্ষ্মীপুরের রায়পুরে গাঁজা চাষ করার দায়ে জয়নাল আবেদিন (৬০) নামে বাজারের এক সুইপারকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া এ তথ্য জানান।
আটক জয়নাল আবেদিন উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মৃত ওজি উল্লাহর পুত্র এবং রাখালিয়া বাজারের সুইপার হিসেবে নিয়োজিত।
এ বিষয়ে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত পাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাখালিয়া বাজারে জয়নালের থাকার ঘরের পাশে পরিত্যক্ত জায়গায় অভিযান চালানো হয়। এসময় থাকার কক্ষে সাদা শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিনে কাগজে মোড়ানো ৫৫ পুরিয়া গাঁজা (যার ওজন ১০০ গ্রাম) ও ১৮টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছগুলোর উচ্চতা আনুমানিক ৬ থেকে ১৮ ইঞ্চি। মাদক উৎপাদনের দায়ে এসময় জয়নাল আবেদিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ হেফাজতে জয়নাল জানান, মূলত ইউটিউবে ভিডিও দেখেই তিনি গাঁজা চাষে উৎসাহিত হয়েছিলেন। বাজারের নিজের থাকার কক্ষের পাশে পরিত্যক্ত জমির প্রায় ৮-১০ হাত জায়গায় তিনি অন্য সবজির সাথে এই গাছগুলো রোপণ করেন। নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করে তিনি বলেন, ‘শয়তানে পাইছে (কুপ্ররোচনা), তাই গাঁজা চাষ করতে গেছি’।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, উদ্ধারকৃত গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। একইসঙ্গে আটক জয়নালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




