তোপধ্বনি, পুষ্পস্তবক আর কুচকাওয়াজে লক্ষ্মীপুরে স্বাধীনতার গৌরবোজ্জ্বল উদযাপন ও জাতীয় দিবস পালন করা হয়।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করে জেলা প্রশাসন। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক এবং জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
পরে সকাল ৮টার দিকে জেলা স্টেডিয়াম মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় কুচকাওয়াজ ও শারীরিক কসরতের মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচি গ্রহণ করে, যা দিনব্যাপী উৎসবের আবহ তৈরি করে।


