পবিত্র ঈদুল ফিতরের কারণে লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট লঞ্চঘাটে ভোলা ও বরিশালগামী ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। নদীতে নাব্যতা সংকট এবং সীমিত লঞ্চ চলাচলের কারণে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বর্তমানে মাত্র ২টি লঞ্চ ও ৪টি সিট্রাকের মাধ্যমে যাত্রী পরিবহন করা হচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। অনেক যাত্রী আগের রাত থেকেই ঘাটে অবস্থান করছেন, তবু লঞ্চে উঠতে পারছেন না।
পরিস্থিতির চাপে অনেকে ঝুঁকিপূর্ণ বিকল্প পথ বেছে নিচ্ছেন। অবৈধ স্পিডবোটে অতিরিক্ত ভাড়া দিয়ে জীবন ঝুঁকিতে ফেলেও গন্তব্যে পৌঁছাচ্ছেন। তবে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে।
যাত্রী রিয়াজুল ইসলাম বলেন, “ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও লঞ্চে উঠতে পারছি না। ঈদে আনন্দ হওয়া উচিত, আমরা এখন ভয় আর ক্লান্তিতে আছি।”
লক্ষ্মীপুর বিআইডবলিওটিএ সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম জানান, “নাব্যতা কম হওয়ায় লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে সর্বাধিক মানুষকে পরিবহন করা যায়।”


