লক্ষ্মীপুরের রায়পুর বাজারে ফুটপাত দখল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন দোকানিকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার রায়পুর বাজারের দক্ষিণ মাথা (বাস স্ট্যান্ড) থেকে উত্তর মাথা ফরিদগঞ্জ সিএনজি স্ট্যান্ড পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, অনেক দোকানদার দোকানের বাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন, হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করা হচ্ছে এবং কিছু কাপড়ের দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা হচ্ছে।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। তিনি বিভিন্ন অনিয়মের দায়ে সংশ্লিষ্ট দোকানিদের জরিমানা করেন এবং তাৎক্ষণিকভাবে ফুটপাত দখলমুক্ত করেন।
অভিযানে সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, রায়পুর থানা পুলিশ এবং রায়পুর পৌরসভার সদস্যবৃন্দ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখল করলে বা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।


