লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও বিপুল পরিমাণ গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতের অভিযানে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাধাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ মার্চ ২০২৬ রাত প্রায় ১টা ৫০ মিনিটে জানতে পারে, বাঙ্গাখা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাধাপুর এলাকায় আবুল কালামের নতুন বাড়ির দ্বিতীয় তলায় একটি বসতঘরে কয়েকজন ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে লক্ষ্মীপুর সদর মডেল থানার একটি দল অভিযান চালায়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্তের নেতৃত্বে এবং অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের একটি দল রাত ২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের দরজায় নক করে। এ সময় শহিদ প্রকাশ শিপন (৩০) নামের এক ব্যক্তি দরজা খুলে দেন।
পরে তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কক্ষটি তল্লাশি করা হয়। তল্লাশির সময় পর্যাপ্ত টর্চলাইট ও বৈদ্যুতিক আলো ব্যবহার করে ঘরের বেডরুমের পশ্চিম কোণে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার, ৪৬ রাউন্ড তাজা গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, একটি কালো চেইনযুক্ত রিভলবারের ব্যাগ, একটি কালো পলিথিন ও গুলি রাখার একটি প্লাস্টিকের ট্রে উদ্ধার করা হয়।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার হওয়া শহিদ প্রকাশ শিপনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।


