গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

একক সরকার গঠনে আশাবাদী তারেক রহমান, জামায়াতের সঙ্গে ঐক্য নয়

  • একক সরকার গঠনে আশাবাদী তারেক রহমান, জামায়াতের সঙ্গে ঐক্য নয়

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | সংগৃহীত ছবি

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, বিএনপি এককভাবেই সরকার গঠনের মতো আসন পাবে বলে তিনি আত্মবিশ্বাসী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির শীর্ষ এই নেতা।

সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন বাস্তবসম্মত নয় এবং এতে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়।

তিনি বলেন, “আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে আমি সরকার গঠন করব? যদি তা হয়, তাহলে বিরোধী দল কে হবে?” তবে জামায়াত যদি বিরোধী দলে থাকে, সে ক্ষেত্রে তাদের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন বলেও জানান তিনি।

প্রায় দুই দশক যুক্তরাজ্যে অবস্থানের পর গত ডিসেম্বর মাসে দেশে ফেরেন ৬০ বছর বয়সী তারেক রহমান। তরুণদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পরই তার দেশে ফেরার পথ সুগম হয়। শেখ হাসিনা ছিলেন বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের মা খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকা দলটি সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে পুনরায় সক্রিয় হয়েছে। উল্লেখ্য, বিএনপি ও জামায়াত একসঙ্গে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশ শাসন করেছে।

এরই মধ্যে জামায়াতের পক্ষ থেকে দেশকে স্থিতিশীল রাখতে ঐক্য সরকার গঠনের আগ্রহ প্রকাশ করা হলেও বিএনপির অবস্থান সে পথে নয় বলেই স্পষ্ট করেছেন তারেক রহমান।

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ভাষ্য অনুযায়ী, দলটি ৩০০ আসনের সংসদে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী। বিএনপি সরাসরি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে, বাকি আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মিত্ররা। যদিও সম্ভাব্য আসনসংখ্যা নির্দিষ্ট করে বলতে রাজি হননি তারেক রহমান, তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দলটি সক্ষম হবে বলে তিনি দাবি করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ জনমত জরিপেই বিএনপির এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে কঠিন চ্যালেঞ্জ আসতে পারে। এই জোটে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা হাসিনাবিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া এনসিপিও রয়েছে।

বৈদেশিক সম্পর্কের অবস্থান
নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবে কি না— এমন প্রশ্নে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রয়োজন এমন অংশীদার যারা প্রায় সাড়ে ১৭ কোটি মানুষের অর্থনৈতিক অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, “আমাদের অগ্রাধিকার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। যে দেশ বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও উন্নয়নে বাস্তবসম্মত প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই আমরা সম্পর্ক গড়ব— নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়।”

শেখ হাসিনার পরিবার ও রাজনীতি
শেখ হাসিনার সন্তানদের ভবিষ্যতে রাজনীতিতে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন থাকলে যে কারো রাজনীতিতে অংশ নেওয়ার অধিকার রয়েছে।

রোহিঙ্গা ইস্যু
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসন প্রসঙ্গে তারেক রহমান বলেন, তিনি চান তারা নিজ দেশে ফিরে যাক, তবে তা অবশ্যই নিরাপদ পরিবেশ নিশ্চিত হওয়ার পর।

তিনি বলেন, “পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত তারা এখানে থাকতে পারে। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় তাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করতে।”

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…