সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন চ্যানেল 24–এর কুড়িগ্রাম প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার গোলাম মওলা সিরাজ। স্থানীয় পর্যায়ে অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে তাঁর ধারাবাহিক ভূমিকার জন্য এ সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) ‘রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে আরও তিনজন সাংবাদিককে তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত করা হয়।
সম্মাননা প্রাপ্ত অন্য সাংবাদিকরা হলেন—আঞ্চলিক উন্নয়নে তথ্যচিত্র সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আরটিভি’র কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, বস্তুনিষ্ঠ ও সত্যানুসন্ধানী সাংবাদিকতায় অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রথম আলো’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন এবং সংবাদপত্রে তৃণমূল পর্যায়ের সংবাদ তুলে ধরায় বিশেষ অবদানের জন্য দৈনিক সমকাল’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্ত।
রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার কুড়িগ্রামের ডিএম একাডেমী হাইস্কুল মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের গোল্ডেন হ্যাভেন যুব সংগঠনের সভাপতি ও নারীনেত্রী নাসিরা খন্দকার নিশা।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিসিক কুড়িগ্রামের উপ-ব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ, ডিএম একাডেমী হাইস্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উপদেষ্টা সুব্রত কুমার ভট্টাচার্য ও হাফিজুর রহমান খান জুয়েল, ভুরুঙ্গামারী কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ, সেন্ট্রাল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল কবির এবং হাফিজুর রহমান।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। পুরো আয়োজনটি সামাজিক দায়বদ্ধতা, তরুণদের অংশগ্রহণ এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেছে।


