এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) অনিমেষ মণ্ডল জানিয়েছেন।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজ থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
এনসিপির খুলনা মহানগরের একজন সংগঠক সাইফ নেওয়াজ বলেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে তিনি কাজ করছিলেন।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এক ফেইসবুক পোস্টে রক্তাক্ত মোতালেব শিকদারের একটি ছবি প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন, “এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার কে একটু আগে গুলি করা হয়েছে।”
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, মোতালেব নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করেছে। গুলিটি তার মাথার চামড়া স্পর্শ করে চলে যায়। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোতালেব এখন আশংকামুক্ত। ঘটনাস্থলে ও হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাব।
তবে কেন তাকে গুলি করা হয়েছে, কারা জড়িত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি অনিমেষ মন্ডল।
এর আগে গত ৩০ নভেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দিনে দুপুরে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


