ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২০ ডিসেম্বর) র্যাব-১৪ জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লিমন সরকার (১৯), আলমগীর হোসেন (৩৮), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), মো. তারেক হোসেন (১৯), নিজুম উদ্দিন (২০), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
এর আগে গেল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তির অভিযোগে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে এবং মরদেহে আগুন ধরিয়ে দেয়।
দিপু তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন।


