৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে একটি মহিলা ভোট কেন্দ্রের একটি বুথে ৪ ঘন্টায় মাত্র ৬টি ভোট পড়েছে। ওই বুথে ২৩১ ভোটার রয়েছেন।
সদর উপজেলার বাঙাখা ইউনিয়নের বাঙাখা উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রের ৬ নং বুথের এ চিত্র। তবে ওই ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে দুপুর ১২টা নাগাদ ৩ হাজার ৪৪৫ ভোটের মধ্যে ১৩১ ভোট কাস্ট হয়েছে।
এ চার ঘন্টায় ওই কেন্দ্রে মাত্র ৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে নিশ্চিত করেন বাঙাখা উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এদিকে লক্ষ্মীপুর শহরের বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি মহিলা ভোট কেন্দ্রে সকাল ১০ টা পর্যন্ত দুই ঘণ্টায় মাত্র ১৩টি ভোট পড়ে। এরমধ্যে একটি বুথে পড়েছে মাত্র একটি ভোট। অথচ এ কেন্দ্রে ২ হাজার ৯৭৪ জন ভোটার রয়েছেন।কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আশুতোষ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন।
একই ক্যাম্পাসে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (পুরুষ কেন্দ্র) বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৮৫টি। এ কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ হাজার ৮৪৫ জন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কাউছার আলম এ তথ্য জানান। এদিকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় কেন্দ্রগুলোতে ভোটরদের উপস্থিতি একে বারেই কম। তবে দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ (বুধবার) সকাল ৮ থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
এই সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস -চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এ নির্বাচনে ১৯২ টি কেন্দ্রে ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও সকলের নিকট গ্রহণযোগ্য করতে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়ন করা হয়েছেন। এছাড়া যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ২৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪ প্লাটুন বিজিবি ও র্যাব সদস্য স্টাইকিং ফোর্স নিয়োজিত রয়েছেন।


