ফুটবল বিশ্বে আর্জেন্টিনা বেশ পরিচিত হলেও এবার ক্রিকেটেও শোনা যাবে দেশটির নাম। টি-টোয়েন্টি ক্রিকেটে যে বিশ্ব রেকর্ড গড়ে সাড়া ফেলে দিয়েছে ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নরা। সদস্য দেশগুলোর বিশ ওভারের ম্যাচকে আইসিসি আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতি দেওয়ার পর থেকে নিয়মিত দেখা মিলছে বিস্ময়কর সব ঘটনা, রেকর্ডের। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার হয়েছে চারশ রান! সেটিই আবার করেছে আর্জেন্টিনার মেয়েরা।
বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছে আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। চিলির বিপক্ষে স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ৪২৭ রান করে অবিশ্বাস্য রেকর্ড গড়েছে তাঁরা। পুরুষ বা নারী, আইসিসির স্বীকৃত কোন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এটাই সর্বোচ্চ ইনিংস। এর আগে গত বছর বাহরাইনের মেয়েরা করেছিল ৩১৮ রান, সৌদি আরবের বিপক্ষে। আর পুরুষদের মধ্যে সর্বোচ্চ ৩১৪ রান করেছিল নেপাল।
আরও পড়ুন— উলিপুরে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ
গতকাল বুয়েন্স এইরেসে সিরিজের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪২৭ রান তুলে আর্জেন্টিনা। ৮৪ বলে ২৭টি চারের মারে ১৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন লুসিয়া টেইলর। তাঁর সমান বল খেলে ১৪৫ রান করেছেন আলবারতিনা গালান।
দুইজনে মিলে উদ্বোধনী জুটিতে গড়েন ৩৫০ রানের জুটি। তবে আর্জেন্টিনার ইনিংসে নেই কোনো ছক্কার মার। বল হাতে চার ওভারে সর্বোচ্চ ৯২ রান দিয়েছেন কনস্ট্যান্স ওইয়ারসে। এই ফরম্যাটে এটাই সবচেয়ে খরুচে স্পেল।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৩ রানে অলআউট হয় চিলি। এতে ৩৬৪ রানে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। এটাও সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। এর আগে মালির বিপক্ষে ৩০৪ রানে জিতেছিল উগান্ডা। আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আইসিসির এই দুই সহযোগী দেশ।



