লক্ষ্মীপুর শহরের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি প্রশস্তের নামে দীর্ঘদিন পেলে রাখা হয়। এতে করে সড়কের পিচ আর ইট, বালু উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তার মাঝে খানাখন্দে জীবনের ঝুঁকি নিয়ে সড়কটিতে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে। বড় ধরনের দুর্ঘটনার আশংকা থাকলেও কর্তৃপক্ষের টনক নড়েনি।
অবশেষে বিবেকের তাড়নায় নিজ উদ্যোগে রাস্তা মেরামত করেন সদর উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন টিপু। তিনি লক্ষ্মীপুর পৌরসভার সাবেক সফল মেয়র আলহাজ্ব আবু তাহের এর মেজো ছেলে এবং জেলা যুবলীগের সভাপতি ছিলেন।
নিজ শহরের প্রধান সড়ক সংস্কার করে জেলা বাসীর প্রশংসায় ভাসছেন তিনি।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি লোকজন সাথে নিয়ে রাস্তা মেরামত কাজ শুরু করেন। এসময় শহরের উত্তর তেমুহনী থেকে বাজার সড়কের ১ কিলোমিটার এলাকার একাধিক বড় বড় গর্ত ভরাট করেন। এছাড়াও ভাঙ্গা রাস্তায় ইট-বালু দিয়ে রোলার করে চলাচলের উপযোগী করে তোলেন। এতে দীর্ঘদিনের দুর্দশা থেকে মুক্তি মিলেছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শত শত পথচারী।
রাস্তা মেরামতস্থলে উপস্থিত কয়েকজন বলেন, এ শুভ উদ্যোগ শহর বাসীর কষ্ট কমানোর পাশাপাশি অন্য মানুষদেরও ভালো কাজে উদ্বুদ্ধ করবে। আওয়ামী লীগের কাছ থেকে মানুষ এমন কাজই আশা করে। মেরামতের এই উদ্যোগে আমরা খুব উপকৃত।
পথচারী রাছেল, ভ্যান চালক মোরশেদ ও ব্যবসায়ী বাবলু বলেন, ভাঙাচোরা এ রাস্তা নিয়ে আমাদের দুর্দশার সীমা ছিল না। মেরামতের মধ্য দিয়ে আপাতত স্বস্তি নেমে এসেছে।
জানতে চাইলে সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহউদ্দিন টিপু বলেন, এ সড়কটি মেরামত করা খুবই জরুরি ছিল। শহর বাসীর কষ্ট লাঘব করার জন্য কাজটি করছি।


