প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তার সরকার গঠনের মাত্র ৫২ দিন পরে একটি অকল্পনীয় ট্রাজেডি ঘটে। গোটা জাতি এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনো চায় না। এসময় শৃঙ্খলার কথা উল্লেখ করে তিনি আরও বলেন- যে কোনও বাহিনীর জন্য মূল চালিকাশক্তি হচ্ছে শৃঙ্খলা, চেইন অব কমান্ড। কখনও শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। অর্পিত দায়িত্ব মেনে চলবেন, চেইন অব কমান্ড মেনে চলবেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় অবস্থিত বিজিবির সদর দফতরে বর্ডার গার্ড বাংলাদেশ দিবস ২০২২-এর কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন- আ.লীগ অফিস ভাংচুর বোমা বিস্ফোরণ : মামলা
তিনি ট্রাজেডির দিন যারা শহীদ হয়েছিলেন তাদের রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বিজিবি সদর দফতরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী বিজিবির বিভিন্ন কর্মকাণ্ডে সাহসী ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত কয়েকজন সদস্যকে বিজিবি পদক, রাষ্ট্রপতি বিজিবি পদক, বিজিবি পদক সেবা ও রাষ্ট্রপতি বিজিবি পদক সেবা প্রদান করেন।



