গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মেঘনার চরে ফুটবলের উৎসব, মেসি-নেইমারে বিভক্ত জনপদ

Link Copied!

মেঘনার বুক চিরে এগিয়ে যাওয়া বেরিবাঁধ সড়কের দুই পাশে যত দূর চোখ যায়, শুধু পতাকা আর পতাকা। কোথাও আকাশছোঁয়া আর্জেন্টিনার আকাশি-সাদা রং, কোথাও ব্রাজিলের সবুজ-হলুদের দাপট। নদীর বাতাসে উড়ছে প্রিয় দলের পতাকা, আর চায়ের দোকান থেকে বাজার—সবখানেই চলছে এক আলোচনা, মেসি নাকি নেইমার? আর্জেন্টিনা, না ব্রাজিল?

ফুটবল বিশ্বকাপের মূল আসর শুরু হতে এখনো বাকি। কিন্তু লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনাপাড়ের চরাঞ্চলে বিশ্বকাপের উন্মাদনা যেন অনেক আগেই শুরু হয়ে গেছে।

সম্প্রতি উপজেলার উত্তর চরবংশী বেরিবাঁধ এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের একটি বড় শোভাযাত্রা স্থানীয় মানুষের নজর কেড়েছে। অর্ধশতাধিক সমর্থক দলীয় পতাকা নিয়ে কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও। এর পর থেকেই পাল্টা শক্তি প্রদর্শনের প্রস্তুতি শুরু করেছেন ব্রাজিল সমর্থকেরা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বিশ্বকাপ এলেই রায়পুরের চরাঞ্চল যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একপক্ষে আর্জেন্টিনা, অন্যপক্ষে ব্রাজিল। তবে সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও উৎসবটা সবার।

গত ২৯ মে ‘আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী’র ব্যানারে আয়োজিত শোভাযাত্রাটি উত্তর চরবংশী বেরিবাঁধ সড়ক ঘুরে চমকা বাজার এলাকায় গিয়ে শেষ হয়। সড়কের পাশে সুপারি গাছে টাঙানো প্রায় ৯০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা ছিল এ আয়োজনের প্রধান আকর্ষণ। সেখানে দাঁড়িয়ে সমর্থকেরা বিশ্বকাপ উপলক্ষে আরও বড় কর্মসূচির ঘোষণাও দেন।

আর্জেন্টিনা সমর্থক লিটন হোসেন বলেন, “বিশ্বকাপ শুধু খেলা নয়, এটা আমাদের জন্য একটা উৎসব। চার বছর পরপর এই আনন্দের অপেক্ষায় থাকি। তাই বন্ধু-বান্ধব সবাই মিলে একসঙ্গে উদ্‌যাপন করছি।”

শোভাযাত্রার সমন্বয়ক মো. মিজান বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আমরা একত্র হয়েছি। চরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা অংশ নিয়েছেন। বিশ্বকাপ যত এগিয়ে আসবে, আয়োজনও তত বড় হবে।”

তবে আর্জেন্টিনা সমর্থকদের এমন শক্তি প্রদর্শনের জবাব দিতে প্রস্তুত হচ্ছেন ব্রাজিল সমর্থকেরাও। ইতিমধ্যে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই পক্ষের সমর্থকদের মধ্যে চলছে মজার খোঁচাখুঁচি।

রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব শফিকুল আলম আলমাস বলেন, “বিশ্বকাপকে ঘিরে মানুষের আগ্রহ এবারও অনেক বেশি। শুধু শোভাযাত্রাই নয়, কনসার্ট, বড় পর্দায় খেলা প্রদর্শনসহ বিভিন্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

তাঁর মতে, রায়পুরে সবচেয়ে বেশি সমর্থক আর্জেন্টিনার। এরপর রয়েছে ব্রাজিল। তবে জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ও স্পেনেরও উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক আছে।

বিশ্বকাপের প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসায়ও। বাজারে বেড়েছে জার্সি ও পতাকার বিক্রি। রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মরাদ বলেন, “মে মাসের মাঝামাঝি থেকেই বিশ্বকাপের আমেজ শুরু হয়েছে। বাড়ি, দোকান, বাজার—সবখানে এখন ফুটবলের ছোঁয়া।”

রায়পুর গাজী কমপ্লেক্সের কাপড় ব্যবসায়ী মো. সবুজ বলেন, “সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। অনেকে বড় বড় পতাকা বানানোর জন্যও অর্ডার দিচ্ছেন।”

তবে এই উৎসব শুধু বাজার কিংবা শহরকেন্দ্রিক নয়। মেঘনার তীরবর্তী আশ্রয়ণ ও আবাসন প্রকল্পগুলোতেও ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা।

হাজিমারা আশ্রয়ণকেন্দ্রের বাসিন্দা শিক্ষক চাঁন মিয়া বলেন, “অনেক সীমাবদ্ধতার মধ্যেও এখানে বিশ্বকাপ নিয়ে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। ঘরের ওপর উড়ছে বিভিন্ন দেশের পতাকা। বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাও করার চেষ্টা চলছে।”

তিনি বলেন, বিদ্যুৎ ও ইন্টারনেটের সমস্যা থাকলেও অনেকেই সোলার প্যানেল ও ছোট ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন।

মেঘনার চরাঞ্চলের মানুষের জীবনে নদীভাঙন, অনিশ্চয়তা আর সংগ্রাম নিত্যসঙ্গী। কিন্তু বিশ্বকাপ এলে সেই বাস্তবতার মাঝেও তৈরি হয় এক অন্যরকম আনন্দ। তখন চরজুড়ে শুরু হয় পতাকার প্রতিযোগিতা, প্রিয় দলের পক্ষে তর্ক-বিতর্ক, আর রাত জেগে খেলা দেখার পরিকল্পনা।

মাঠের লড়াই শুরু হতে হয়তো এখনো কিছুটা সময় বাকি। কিন্তু মেঘনার পাড়ে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ফুটবল বিশ্বকাপের বাঁশি বাজার আগেই রায়পুরের চরাঞ্চল যেন পরিণত হয়েছে এক টুকরো লাতিন আমেরিকায়।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 298

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…